ডাকসু নির্বাচনের ভিডিওকে নারায়ণগঞ্জের আ.লীগ নেতাকর্মীদের ঢাকা দখলের দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি, ‘আলহামদুলিল্লাহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসে ঢাকা দখলে নিয়েছি’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে পোস্ট দেখুন এখানে

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি নারায়ণগঞ্জ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকার রাজপথ দখলে নেওয়ার ভিডিও নয়। প্রকৃতপক্ষে, গত ১০ সেপ্টেম্বর প্রথম প্রহরে ডাকসু নির্বাচনের ভোট গণনা চলাকালে শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে শাহবাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচির ভিডিও এটি।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স সার্চ করে গত ১০ সেপ্টেম্বর ‘A.R. Rahim’ নামক একটি ইউটিউব চ্যানেলে ‘শিবির শিবির স্লোগানে মুখরিত শাহবাগ প্রাঙ্গণ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উল্লিখিত ইউটিউব চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই দিনে ‘The News bd’ নামক একটি ইউটিউব চ্যানেলে ‘শাহবাগে শিবিরের বিজয় স্লোগান’ ভিন্ন কোণ থেকে ধারণকৃত একই স্থানের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে জমায়েতরত ব্যক্তিদের ‘শিবির শিবির’ স্লোগান দিতে দেখা যায়।

এছাড়া, একই দিনে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ-এর ‘শাহবাগে শিবিরের উচ্ছ্বসিত স্লোগান, সরাসরি…’ শিরোনাম প্রকাশিত একই স্থানের আরো একটি ভিডিওর সন্ধান পায় রিউমর স্ক্যানার।

ভিডিওতে বাংলানিউজের সংবাদ কর্মীর দেওয়া তথ্য অনুযায়ী এটি শাহবাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ডাকসুর শিবির সমর্থিত প্রার্থীদের পক্ষে জমায়েত ও স্লোগানের ঘটনার ভিডিও। ৯ সেপ্টেম্বরে দিবাগত রাতে ডাকসুর হল ভিত্তিক ফল ঘোষণা চলাকালে কয়েকটি হলে শিবিরের প্রার্থীদের এগিয়ে থাকার খবরে শাহবাগ চত্বরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শিবিরের পক্ষে নানা স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অর্থাৎ, উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত যে প্রচারিত ভিডিওটি ঢাকায় রাজপথ নারায়ণগঞ্জথেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে নেয়ার কোনো ঘটনার নয়।

উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদের ২৩টিতেই বিজয়ী হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

সুতরাং, ডাকসুর হলভিত্তিক ফল ঘোষণা চলাকালে শাহবাগে জামায়াত-শিবির নেতা-কর্মীদের উচ্ছ্বাস প্রকাশের ভিডিওকে নারায়ণগঞ্জ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকার রাজপথ দখলে নেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: