সম্প্রতি, নারায়াণগঞ্জে তরুণ মুখার্জি নামে এক হিন্দু ব্যক্তির ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিকে সামাজিক মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার আঙ্গিকে প্রচার করতে দেখা যায়।

এক্স (সাবেক টুইটার)-এ প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি নারায়াণগঞ্জের কোনো তরুণ মুখার্জি নামের হিন্দু ব্যক্তির ওপর এসিড নিক্ষেপের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের অন্ধ্রপ্রদেশে জীবন বীমা কোম্পানির এজেন্টের ওপর এসিড হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে নারায়াণগঞ্জে তরুণ মুখার্জি নামের কোনো হিন্দু ব্যক্তির ওপর এসিড নিক্ষেপের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম NDTV-এর ইউটিউব চ্যানেলে গত ১ এপ্রিল একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনাম এবং বিস্তারিত বিবরণীতে উল্লেখ করা হয়, এটি দেশটির অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে এলআইসি জীবন বীমা কোম্পানির এজেন্টের ওপর এসিড নিক্ষেপের ঘটনার ভিডিও। হামলার শিকার ব্যক্তির নাম ভেঙ্কটা আপ্পারাও। তবে হামলাকারীকে শনাক্ত করা যায়নি বলেও ভিডিওটির বিবরণী থেকে জানা যায়।
এঘটনায় একাধিক ভারতীয় গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে। উক্ত প্রতিবেদনগুলো থেকেও একই তথ্য পাওয়া যায়। অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশের নারায়ণগঞ্জের নয়, বরং ভারতের।
সুতরাং, ভারতে জীবন বীমা কোম্পানির এজেন্টের ওপর এসিড নিক্ষেপের ভিডিওকে বাংলাদেশের নারায়ণগঞ্জে হিন্দু ব্যক্তির ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NDTV Youtube Channel: LIC Agent Attacked With Acid Outside Home In Andhra Pradesh
- Asia Net News Website: Viral CCTV Shows Acid Attack On LIC Agent Outside Home In Visakhapatnam, Accused On The Run
- NDTV Website: LIC Agent Attacked With Acid Outside Home In Andhra Pradesh
- CVR English Official Youtube Channel: Midnight Acid Attack on LIC Agent in Akkireddypalem |CVR English
- Rumor Scanner’s Analysis


