সম্প্রতি, “সুদের টাকা দিতে না পারায় নিরিহ নারীকে চুল কেটে নির্ম’ম নি’র্যাতন করলেন ভোলা সদর উপজেলা #যুবদলের সাংগঠনিক সম্পাদক আতাউল রহমান গনি।” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভোলায় সুদের টাকা দিতে না পারায় যুবদল নেতা কর্তৃক নারীর চুল কেটে নির্যাতনের নয়। প্রকৃতপক্ষে, নারায়ণগঞ্জে মোবাইল চুরির অভিযোগে নারীকে আটকের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘jahidul_islam_sane’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৭ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি নারায়ণগঞ্জ চাষাড়ায় আল জয়নাল ট্রেড সেন্টারের টেকনো মোবাইল শো রুম থেকে মোবাইল ফোন চুরি করার সময় এক মহিলা চোরকে আটকের ভিডিও।
উক্ত তথ্যের সূত্র ধরে, ‘Tecno Narayanganj’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৮ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্টে দাবি করা হয় ভিডিওটি ৬ ফেব্রুয়ারি তাদের দোকান থেকে ফোন চুরি করার সময় হাতেনাতে আটকের ভিডিও।

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে উক্ত অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত ফোন নাম্বারে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। ইমন নামের ওই ব্যক্তি জানান, উক্ত মহিলা মোবাইল চুরি করতে গিয়ে আটক হন এবং তিনি চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ দেখান। উক্ত ভিডিও পর্যালোচনা করে আলোচিত নারীর সাথে মিল খুঁজে পাওয়া যায়।
সুতরাং, নারায়ণগঞ্জে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়া এক নারীর ভিডিওকে ভোলায় সুদের টাকার জন্য যুবদল নেতার নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।।
তথ্যসূত্র
- Jahidul_islam_sane – Instagram Post
- Tecno Narayanganj – Facebook Post


