পাকিস্তানে হামলার কারণে মোদীর ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

গত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি জায়গার ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। যার মধ্যদিয়ে দুই দেশে সংঘাতের সৃষ্টি হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হয়। তবে সম্প্রতি, পাকিস্তানে হামলার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা প্রার্থনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানের হামলার কারণে নরেন্দ্র মোদীর ক্ষমা চেয়ে ভিডিও বার্তা প্রকাশের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স উপলক্ষ্যে দেওয়া তার একটি ভিডিও বার্তার অডিও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরিবর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার ভিডিওটির ডানপাশে উপরে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের লোগো দেখতে পায়।

পরবর্তীতে উক্ত সূত্র Hindustan Times এর ইউটিউব চ্যানেলে গত ৭ মে Full: PM Modi’s First Address Released After India Strikes Pakistan For Pahalgam Attack | Op Sindoor শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটি পর্যালোচনা দেখা যায়, ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। উভয় ভিডিওতেই নরেন্দ্র মোদীর পোশাক, পারিপার্শ্বিক অবস্থা এবং ভিডিওর উপাদানের মিল রয়েছে। ভিডিওটির শিরোনামে থেকে জানা যায়, পহেলগাম হামলার জন্য পাকিস্তানে ভারতের হামলার পর এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম ভাষণ। ভিডিওটিতে ২০২৫ সালের গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি মহাকাশ অনুসন্ধানে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। তিনি ভারতের অতীত সাফল্য, গগনযান মিশনের মতো ভবিষ্যৎ অভিযান, অন্যান্য গ্রহে পৌঁছানোর পরিকল্পনা এবং জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতায় মহাকাশ প্রযুক্তির ভূমিকা তুলে ধরেছেন। উক্ত ভিডিওর কোথাও তাকে আলোচিত ভিডিওর কথাগুলো বলতে শোনা যায় না।

তাছাড়া আলোচিত ভিডিওটির যে অংশ থেকে তাকে আলোচিত বক্তব্য প্রদান করতে শোনা যায়, ঠিক একই সময়ে তাকে মূল ভিডিওতে ভিন্ন কথা বলতে শোনা যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ভিডিওটি সম্পাদনার মাধ্যমে অডিও পরিবর্তন করা হয়েছে।

সুতরাং, পাকিস্তানে হামলার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা করে ভিডিও বার্তা প্রকাশ করার দাবিতে ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: