‘আ.লীগ দিল্লিতে মিছিল করলে হাসিনাকে বের করে দিব’ শীর্ষক মন্তব্য করেননি নরেন্দ্র মোদী, সম্পাদিত ফটোকার্ড প্রচার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে ‘আওয়ামিলীগ দিল্লিতে মিছিল করলে হাসিনাকে বের করে দিবো – নরেন্দ্র মোদি’ শিরোনামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধৃত করে মূলধারার গণমাধ্যম বাংলাভিশন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ামীলীগকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাভিশনও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাভিশন কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৭ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ১৭ নভেম্বর ‘হাসিনার ফাঁ’সির রায়ে নিশ্চুপ মোদি প্রতিবাদ জানায়নি ভারত!’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, বাংলাভিশনের লোগো এবং নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে।আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত শিরোনামের ফন্টের সাথেও প্রচলিত বাংলাভিশনে ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর এই ফটোকার্ডটি নকল করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত বাংলাভিশন ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিক প্রতিবাদ না করলেও একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা রায় সম্পর্কে অবগত এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা ভারতের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের আহ্বান জানালেও ভারত সাড়া দেয়নি। তবে রায়ের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বরং তিনি কেবল ওইদিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয়দের প্রতি শোক প্রকাশ করেছিলেন।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে আলোচিত শিরোনামে বাংলাভিশনের এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- BanglaVision News24 – Facebook page
- BanglaVision News24 – YouTube Channel
- BanglaVision News24 – Facebook Post
- BanglaVision News24 – Website
- Rumor Scanner’s Own Analysis

