সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিছিলের ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৩-০৫-২৬ নরসিংদী থেকে ” জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। ভিডিওতে ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘তোমার আমার ঠিকানা..’ শীর্ষক স্লোগান শোনা যায়। অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি গত ১৩ মে তারিখে নরসিংদীতে আওয়ামী লীগ সমর্থকদের মিছিলের দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৩ মে তারিখে নরসিংদীতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের নয়। প্রকৃতপক্ষে গত ২১ এপ্রিলে চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকায় ছাত্রদলের মিছিলের ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, আসল ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শীর্ষক স্লোগানের বদলে ‘গুপ্ত রাজনীতি, চলবে না রে চলবে না’ শীর্ষক স্লোগান শোনা যায়।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Nationalist Rofik’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রামে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে ঢাকার রাজপথ উত্তাল’ ক্যাপশনে গত ২১ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়।

এছাড়াও, অনুসন্ধানে গত ২১ এপ্রিলে ঢাকায় ছাত্রদলের মিছিল দাবিতে আলোচিত দৃশ্য আরো একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার হতে দেখা যায়। পাশাপাশি, ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শীর্ষক স্লোগানের বদলে ‘গুপ্ত রাজনীতি, চলবে না রে চলবে না’ শীর্ষক স্লোগান শোনা যায়।
প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে মিছিলের স্থানটি ‘আনন্দ ভবন’ নামক একটি স্থাপনার সামনে দেখা যায়। এরই সূত্র ধরে গুগল ম্যাপে অনুসন্ধান করলে ‘আনন্দ ভবন কমিউনিটি সেন্টার’ নামে ঢাকার পুরানা পল্টনে একটি স্থাপনা পাওয়া যায়।

গুগল ম্যাপে প্রদত্ত ‘আনন্দ ভবন’ এর দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ঢাকার উক্ত স্থাপনার সামনেই ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে গত ২১ এপ্রিলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সুতরাং, গত ১৩ মে তারিখে নরসিংদীতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের মিছিলের দৃশ্য দাবিতে গত ২১ এপ্রিলে ঢাকায় ছাত্রদলের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Nationalist Rofik – Facebook Post
- Yousuf Ahmed – Facebook Post
- Google Map
- Prothom Alo – কেউ তেড়ে যাচ্ছেন কিরিচ হাতে, কারও হাতে লাঠিসোঁটা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০
- Rumor Scanner’s analysis


