“ছাত্রদল-ছাত্রলীগ নিয়ে ক্যাম্পাস দখল”—নাছিরের নামে ভুয়া মন্তব্য, সম্পাদিত ফটোকার্ড

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মন্তব্য করেছেন দাবিতে ‘আগামীতে জাতীয়তাবাদী ছাত্রদল” ছাত্রলীগ’কে সঙ্গে নিয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো দখলে নিব’ শিরোনামে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদল, ছাত্রলীগকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল করবে বলে মন্তব্য করেননি নাছির উদ্দীন নাছির এবং চ্যানেল২৪ ও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৪ এপ্রিল, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২৪ এপ্রিল ‘সাংবাদিকরা আহত হওয়ায় ছাত্রদল সেক্রেটারির দুঃখ প্রকাশ’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, চ্যানেল২৪ এর লোগো এবং নাছির উদ্দীন নাছিরের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। এছাড়াও আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে চ্যানেল২৪ এর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ এপ্রিল ফেসবুকে এক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী…..।

এছাড়া, নাছির উদ্দীন নাছিরের ফেসবুক প্রোফাইল ও ছাত্রদলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, নাছির উদ্দীন নাছিরকে উদ্ধৃত করে ‘ছাত্রদল, ছাত্রলীগকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল করবে’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: