নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী জনসংযোগের দৃশ্য দাবিতে এআই দিয়ে সম্পাদিত ছবি প্রচার

ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী জনসংযোগের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সেলফি প্রচার করেছে। প্রচারিত ছবিটিতে জনসংযোগে বিপুল সংখ্যক জনতাকে দেখতে পাওয়া যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী জনসংযোগের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একটি ভিডিওর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে জনসংযোগে বিপুল সংখ্যক জনসমাগম দেখানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে ছবিটিতে বেশকিছু এআই-জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ছবিতে দেখতে পাওয়া ব্যক্তিতের হাতের আঙ্গুলে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তাই এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Deepfake-O-Meter-এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক অ্যাকাউন্টে একই স্থানে একই ভঙ্গিতে ধারণ করা একটি সেলফি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওতে দেখতে পাওয়া জনতার সাথে আলোচিত ছবিটির প্রথম সারিতে দেখতে পাওয়া মানুষগুলোর মিল রয়েছে। তবে সেখানে আলোচিত ভিডিওর মত এত বিপুল সংখ্যক জনতাকে দেখা যাচ্ছে না। এছাড়াও জায়গাটিও অতটা বড় নয়। ফলে প্রতীয়মান যে, উক্ত ভিডিওর স্ক্রিনশট নিয়ে সেটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী জনসংযোগের দৃশ্য দাবিতে প্রচারিত আলোচিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Deepfake-O-Meter
  • Nasiruddin Patwary Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: