সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির সূত্র হিসেবে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়নি। প্রকৃতপক্ষে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনের একটি ভিডিও ব্যবহার করে আলোচিত ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘NDC’ এর ফেসবুক পেজে গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত অনুরূপ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। শিরোনাম থেকে জানা যায়, এটি নির্বাচনের দিন হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারীকে সেনাবাহিনী কর্তৃক উদ্ধারের ঘটনার ভিডিও।

একই ঘটনার বিষয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ওপর হামলা চালানো হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গত ৮ মার্চ (রোববার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলার আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
এছাড়া, আলোচিত দাবি প্রচারকালে নাসীরুদ্দীন পাটওয়ারী খুলনায় অবস্থান করছিলেন বলে জাতীয় নাগরিক পার্টির দলীয় সূত্রে জানা যায়।
সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের খবরটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NDC – হা’ম’লা’র শি’কা’র নাসির পাটোয়ারিকে উদ্ধার করলেন সেনাবাহিনীর
- Jugantor – তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী
- Channel24 – নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
- Rumor Scanner’s Analysis


