নাসীরুদ্দীন পাটওয়ারীর কুকুরকে গোসল করিয়ে দেওয়ার দাবিতে এআই ছবি প্রচার

ঢাকা-৮ আসনের বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গণসংযোগ চলাকালীন তার এক কর্মীর একটি কুকুরকে লাথি দেওয়ার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১১ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশে’ জোট ও এনসিপির একই আসনের আলোচিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ‘যারা এই কুকুরকে লাত্থি মেরেছে ওরাও অপবিত্র। কুকুর পবিত্র। আমি কুকুরটিকে পেলে গোসল করিয়ে দিতাম।’ শীর্ষক মন্তব্য করেন। এর প্রেক্ষিতে সম্প্রতি, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কুকুরটিকে গোসল করিয়ে দেওয়ার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।
প্রচারিত ছবিটিতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী আলোচিত ওই কুকুরটির মত দেখতে একটি কুকুরকে গোসল করিয়ে দিচ্ছেন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর কুকুরকে গোসল করিয়ে দেওয়ার আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আলোচিত ওই কুকুরের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কুকুরটিকে গোসল করিয়ে দেওয়ার সত্যতা মেলেনি।
পরবর্তীতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ আলোচিত ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

ধারণা করা যাচ্ছে, কুকুরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর রুটি খাওয়ানোর ভিন্ন একটি ভিডিওর স্ক্রিনশটের সাথে কুকুরকে লাথি মারার আলোচিত ওই ছবিটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় কুকুরকে গোসল করানোর ছবিটি তৈরি করা হয়েছে। কারণ, উভয় ছবিতে দেখতে পাওয়া কুকুরের গায়ের রঙ এবং প্যাটার্ন একই ধরনের। পাশাপাশি কুকরকে রুটি খাওয়ানোর ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে যে ভঙ্গিতে এবং যে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়, আলোচিত ছবিটিতেও অনেকটা একই ধরনের পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখতে পাওয়া যায়।
সুতরাং, মির্জা আব্বাসের গণসংযোগে লাথি দেওয়া কুকুরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর গোসল করিয়ে দেওয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Hive Detect
- Rumor Scanner’s Analysis

