বিএনপির কাছে ৩০ আসন চেয়ে জামায়াত আমীরের মন্তব্য দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘আমরা বিএনপির কাছে অন্তত ৩০ আসনের নিশ্চয়তা চাই, সরকারের অংশ হতে না পারলে ইলেকশনে যাবনা’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমরা বিএনপির কাছে অন্তত ৩০ আসনের নিশ্চয়তা চাই, সরকারের অংশ হতে না পারলে ইলেকশনে যাবনা’ শিরোনামে যমুনা টিভি কোনো তথ্য বা ফটোকার্ড প্রকাশ করেনি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেসবুক পেজ ও শফিকুর রহমানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে লেখা হয় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে, তবে বিএনপি এতে উৎসাহ দেখায়নি। কিন্তু বিএনপির মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই সময়’-এ প্রকাশিত ওই সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত ও বিভ্রান্তিকর। তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি।
সুতরাং, আলোচিত দাবিতে জামায়াতের আমীরকে উদ্ধৃত করে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo – বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার ঘিরে বিতর্ক: জামায়াত, এনসিপিতে তীব্র প্রতিক্রিয়া
- Bangladesh-Jamaat-e-Islami – Facebook page
- Shafiqur Rahman – Facebook Profile
- Rumor Scanner’s Own Analysis

