সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে নয়ন বলেছেন, ‘জাইমা রহমান জনগণের কল্যাণের কথা ভাবতে গিয়ে ঠিকমতো ঘুমান না’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাইমা রহমান জনগণের কল্যাণের কথা ভাবতে গিয়ে ঠিকমতো ঘুমান না’ শীর্ষক মন্তব্য করেননি রবিউল ইসলাম নয়ন। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে নয়নের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সাপেক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Lalmaiya TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘Lalmaiya TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, জাইমা রহমানকে জড়িয়ে যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Lalmaiya TV – Facebook Post
- Rumor Scanner’s Analysis


