‘ভেবেছিলাম তারেক রহমান আমাকে আইন উপদেষ্টা বানাবে’ বলে মন্তব্য করেননি আসিফ নজরুল 

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে আসিফ নজরুল বলেছেন, ‘ভেবেছিলাম তারেক রহমান আমাকে তার আইন উপদেষ্টা বানাবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ভেবেছিলাম তারেক রহমান আমাকে তার আইন উপদেষ্টা বানাবে’ শীর্ষক মন্তব্য করেননি আসিফ নজরুল। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে আসিফ নজরুলের মন্তব্য শীর্ষক প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: