আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার 

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘আমি আগেও বলেছি এখনও বলছি এত বড় একটি দল আওয়ামী লীগ আপনি তাদেরকে কতদিন ঠেকিয়ে রাখবেন?’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে শিরোনামে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি সালাহউদ্দিন আহমেদ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত ফেসবুক পেজ, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ, দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত দেশের শীর্ষ পর্যায়ের কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু কোথাও আওয়ামী লীগ সম্পর্কে সালাহউদ্দিন আহমেদের এমন ইতিবাচক মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। বরং বিভিন্ন সময় তার প্রকাশিত বক্তব্যগুলোতে আওয়ামী লীগ নিয়ে সমালোচনামূলক অবস্থান দেখা যায়।

২০২৪ সালে ২৭ অক্টোবর এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কেউ কেউ আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল বলে দাবি করেন। কিন্তু তাদের ঐতিহ্য হলো দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা, হত্যা, সন্ত্রাস-নৈরাজ্য এবং ভোট চুরি। তারা ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। তাই তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

গেল বছরের ৫ ডিসেম্বর আওয়ামী লীগের সমালোচনা করে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে। এখন দাফন-কাফন খুলে মাঝেমধ্যে একটু চিৎকার করে।

সুতরাং, আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: