হাম নিয়ে সাবেক স্বাস্থ্য উপদেষ্টার নামে একাধিক ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে নূরজাহান বেগম বলেছেন, ‘আমার কাজ ছিলো স্বাস্থ্যখাত সংস্কার করা, টিকা কেনা নয়। তাই দয়া করে আমাকে অযথা দোষারোপ করবেন না।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও, নূরজাহান বেগমের ছবি সংযুক্ত করে তৈরি আরেক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে নূরজাহান বেগম বলেছেন, ‘স্বাস্থ্যখাতে সংস্কার করতে গিয়ে হামের টিকার কথা ভুলে গেছিলাম।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হামের টিকা ও স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আলোচিত মন্তব্যগুলো সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম করেননি। প্রকৃতপক্ষে, দুইটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

প্রচারিত প্রথম ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ মে তারিখে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform। All contents are for entertainment purpose only| আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে প্রচারিত দ্বিতীয় ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি লোগোর সংযুক্তি পাওয়া যায়৷

এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ মে তারিখে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। পাশাপাশি, আলোচিত পোস্টটির তারিখ পর্যবেক্ষণ করলে ‘৩৬ জুলাই ২০২৬’ লেখা দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, হামের টিকা ও স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আলোচিত মন্তব্যগুলো সাবেক উপদেষ্টা নূরজাহান বেগম করেছেন বলে প্রচারিত দাবি মিথ্যা।

তথ্যসূত্র

Share: