শেখ হাসিনার সামনে প্রণয় ভার্মার পায়ের ওপর পা তুলে বসার ছবিটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবির একটি কোলাজ প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইন্ডিয়া ছিল হাসিনার মুনিব তাই তখন হাসিনার সামনে এভাবেই পায়ের উপর পা তুলে বসত, আর এখন তারেক রহমানের সামনে কিভাবে বসে দেখেন একেই বলে গনতন্ত্রের পাওয়ার।’ প্রচারিত কোলাজের উপরের ছবিতে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পায়ের ওপর পা তুলে বসে আছেন। এবং নিচের ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতে প্রণয় ভার্মা স্বাভাবিকভাবেই বসে আছেন।

অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় প্রণয় ভার্মার পায়ের ওপর পা তুলে বসার ছবি।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় প্রণয় ভার্মার পায়ের ওপর পা তুলে বসার ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে ভিন্ন আরেকটি ছবি সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চ করলে ‘তথ্য অধিদফতর- PID’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ১৮ জুলাইয়ে প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবিতে প্রদর্শিত শেখ হাসিনা ও প্রণয় ভার্মার পোশাক, অঙ্গভঙ্গি, জিনিসপত্র ও আবহের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। তবে তথ্য অধিদফতর এর ছবিতে প্রণয় ভার্মাকে পায়ের ওপর পা তুলে বসার পরিবর্তে স্বাভাবিকভাবেই বসে থাকতে দেখা যায়। পাশাপাশি,ছবিটিও মিররড/প্রতিবিম্ব সংস্করণ দেখা যায়। ছবিটির বিষয়ে ‘তথ্য অধিদফতর’ এর ফেসবুক পেজে বলা হয়, ছবিটি ২০২৩ সালের ১৮ জুলাইয়ে গণভবনে শেখ হাসিনার সাথে প্রণয় ভার্মার সাক্ষাতের ছবি।

এছাড়াও, অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ এর ওয়েবসাইটেও ২০২৩ সালের ১৯ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ‘তথ্য অধিদফতর’ এর ছবিটির সংযুক্তি পাওয়া যায়। তবে অনুসন্ধানে কোথাও ছবিতে প্রণয় ভার্মাকে পায়ের ওপর পা তুলে বসতে দেখা যায়নি।

অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে প্রণয় ভার্মার পায়ের ওপর পা তুলে বসার ছবিটি প্রকৃতপক্ষে ‘তথ্য অধিদফতর’ এর ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রচারিত কোলাজে থাকা তারেক রহমানের সাথে প্রণয় ভার্মার ছবিটির বিষয়ে অনুসন্ধানে রাষ্ট্রীয় সংবাদসংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ সূত্রে জানা যায়, এটি গত ৬ এপ্রিলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের ছবি।

সুতরাং, শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় প্রণয় ভার্মার পায়ের ওপর পা তুলে বসার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: