অস্ত্র হাতে নারায়ণগঞ্জের এনসিপি নেতার ভিডিও দাবিতে গাজীপুরের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘ঈদের দিন প্রিয়জনকে থানায় লুট করা অস্ত্র দিয়ে প্রকাশ্য প্রশিক্ষণ দিচ্ছে রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক! প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালেও প্রশাসন এদের কিছু বলে না।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর দৃশ্যটি সাম্প্রতিক ঈদুল আজহার দিনের ঘটনার নয় এবং ভিডিওতে থাকা ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের আগস্ট থেকে ইন্টারনেটে প্রকাশিত গাজীপুরের শ্রীপুরে এক রেস্তোরাঁয় একটি পিস্তল হাতে তরুণ-তরুণীর খুনসুটির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ০৮ আগস্ট ‘রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরে একটি রেস্তোরাঁর খাবার টেবিলের সামনের চেয়ারে বসে একটি পিস্তল হাতে নিয়ে খুনসুটিতে ব্যস্ত থাকা তরুণ ও তরুণীর ভিডিও এটি। চেয়ারে বসে থাকা ওই দুজনের মধ্যে অজ্ঞাতনামা তরুণীর সাথে থাকা তরুণের নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে সাজ্জাদ হোসেন মোড়লকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা-পুলিশ। এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর জড়িত থাকার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চাঁদাবাজি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় লোকজনের ভাষ্য, এমসি বাজার ও আশপাশের এলাকায় তিনি ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত।
আলোচিত ভিডিওটির বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, এটি ২০২৫ সালের আগস্টেরও পূর্বের ভিডিও। এর কিছুদিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন কারাগারে আছেন। তবে তার কাছ থেকে তখন কোনো অস্ত্র উদ্ধার হয়নি। ওসি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিও যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল নাকি নকল বস্তু। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
উক্ত প্রতিবেদনে সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ নামক ব্যক্তি এনসিপির নারায়ণগঞ্জ কিংবা অন্য কোনো জেলার আহ্বায়ক উল্লেখ করে কোনো তথ্য প্রদান করা হয়নি।
পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১, ২) থেকেও একই তথ্য জানা যায়।
এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে গত ১৬ মার্চ প্রকাশিত নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির তালিকায় ‘সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ’ নামক কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, গাজীপুরে পিস্তল হাতে তরুণ-তরুণীর খুনসুটির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে এনসিপির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়কের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- প্রথম আলো – রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে
- আজকের পত্রিকা – রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল
- The Daily Star – শ্রীপুরে রেস্তোরাঁয় পিস্তল হাতে তরুণ-তরুণীর খুনসুটি
- National Citizen Party – NCP: Facebook Post

