চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী আরিফের সরে দাঁড়ানোর দাবিটি ভুয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামী চট্টগ্রাম–৮ আসন ছেড়ে দিয়েছে এবং এ আসনে জুবাইরুল হাসান আরিফকে প্রার্থী করেছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। কিন্তু চট্টগ্রাম–৮ আসনে পূর্বঘোষিত জামায়াত প্রার্থী মো. আবু নাছের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এবং ব্যালটেও দাঁড়িপাল্লা মার্কা রয়ে গেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ‘ব্রেকিং নিউজ! এই মাত্র চট্টগ্রাম–৮ আসনে ঐক্যের বার্তা | জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার আবু নাছের ভাইকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী জুবাইরুল আরিফ।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি এখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আলোচিত দাবি ভুয়া বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অনুসন্ধানে জুবাইরুল হাসান আরিফের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত ৩১ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি লিখেন, ‘অনেকে জানতে চাচ্ছেন, আমি অন্য কোন প্রার্থীকে সমর্থন দিয়ে নেমে গেছি কিনা। না ভাই, নামি নাই। যাঁর আমাকে সমর্থন দিয়ে নামার কথা তিনিও নাকি নামেন নাই, আমিও আছি চট্টগ্রাম আটে।..’

এছাড়া, জুবাইরুল হাসান আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিতভাবেই, এমনকি আলোচিত দাবি প্রচার পরবর্তী সময়ে ০১ ফেব্রুয়ারিতেও তার আসনে শাপলা কলির নির্বাচনী পদযাত্রার ছবি পোস্ট করেছেন।

অধিকন্তু, চট্টগ্রাম-০৮ আসনে ১১ দলীয় জোটের অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসার দাবি মিথ্যা নিশ্চিত করে জুবাইরুল হাসান আরিফ রিউমর স্ক্যানারকে বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই উঠেনা। সঙ্ঘবদ্ধ বটগোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে আমার নামে ভুয়া তথ্য ছড়িয়েছে। অন্যকাউকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে আমি সরে আসিনি। এখন আমি নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ততার মধ্যে আছি। শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।’

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামী চট্টগ্রাম–৮ আসন ছেড়ে দিয়েছে এবং এ আসনে জোবাইরুল হাসান আরিফকে প্রার্থী করেছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। কিন্তু, চট্টগ্রাম–৮ আসনে পূর্বঘোষিত জামায়াত প্রার্থী মো. আবু নাছের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সম্প্রতি আরো কয়েকটি আসনের পাশাপাশি চট্টগ্রাম-৮ আসনেও ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু জামায়াতের আবেদন নাকচ করে ইসি থেকে বলা হয়, প্রতীক বরাদ্দের পর প্রতীক প্রত্যাহারের আর সুযোগ নেই। কমিশনের কর্মকর্তারা জানান, এর মানে ওই সাতটি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থাকবে এবং জামায়াতের প্রার্থীরা বৈধ হিসেবে গণ্য হবেন।

সুতরাং, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Jubairul Arif – Facebook Post
  • Jubairul Arif – Facebook Post
  • Statement of Jubairul Hasan Arif, 11-party Jamaat alliance NCP Shapla Koli candidate for Chattogram-8 constituency
Share: