বিক্ষুব্ধ জনতা কর্তৃক এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, ‘(NCP) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের আগুন দেওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ওয়েবসাইটের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে protibadnews76.blogspot.com নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব’ শীর্ষক দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছ। তবে, এটিতে প্রকাশকাল উল্লেখ নেই।

কথিত এই সংবাদে দাবি করা হয়, রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আজ দুপুরে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বিক্ষোভ মিছিল ভবনটির সামনে এসে পার্টি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষুব্ধরা ভবনে আগুন ধরিয়ে দেয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্বাভাবিকভাবে, জাতীয় নাগরিক পার্টির অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটলে সে বিষয়ে গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার হতো। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি। পাশাপাশি, জাতীয় দৈনিক পার্টির অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা এনসিপির কোনো নেতার ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে গতকাল (১২ নভেম্বর) করা পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়– জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় পুরোপুরি স্বাভাবিক এবং অক্ষত।

উল্লেখ্য, রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এসব ফ্রি ডোমেইনের সাইটগুলো নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা গেছে এসব ফ্রি ডোমেইনের পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে।

সুতরাং, বিক্ষুব্ধ জনতা কর্তৃক জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: