বিএনপি সরকারের পক্ষ থেকে বাজেট ঘোষণার আগে গত শুক্রবার (০৫ জুন) বিরোধী দল হিসেবে ছায়া বাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিরোধী দল হিসেবে এনসিপি’র এই ছায়া বাজেট ঘোষণাটি বাংলাদেশের ইতিহাসে প্রথম দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ০৫ জুন এনসিপির ঘোষিত ছায়া বাজেটটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নয়। প্রকৃতপক্ষে, এর আগেও বিএনপির পক্ষ থেকে বিরোধী দলে থাকাকালীন ছায়া বাজেট ঘোষণার নজির রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক জনকণ্ঠের ২০১০ সালের ০৮ জুন প্রকাশিত ছাপা পত্রিকার সংস্করণ থেকে জানা যায়, আগের দিন রাজধানীর একটি হোটেলে বিএনপির পক্ষ থেকে ২০১০-১১ অর্থবছরের ছায়া বাজেট প্রস্তাব করেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনকণ্ঠ জানায়, বাজেটকে সামনে রেখে বিরোধী দলের পক্ষ থেকে এ ধরণের প্রস্তাব ইতিহাসে এই প্রথম।
একইদিন আরেক জাতীয় দৈনিক প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনেও বলা হয়, বাংলাদেশে বিরোধী দলের পক্ষ থেকে বাজেটের আগে এমন প্রস্তাব দেওয়ার ঘটনা এই প্রথম।
অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০১০ সালের ০৭ জুন “Khaleda for old age pension” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, সেদিন রাজধানীর হোটেল শেরাটনে বেগম খালেদা জিয়া ২০১০-১১ অর্থবছরের ছায়া বাজেট ঘোষণা করেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম ছায়া বাজেট।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে একইদিনে “Focus on gas exploration” শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন তৎকালীন বিরোধী দলের ঘোষিত ছায়া বাজেটটিই ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম। পরদিন পত্রিকাটির এক সম্পাদকীয়তেও বলা হয়, বাংলাদেশের সংসদীয় বিরোধী দলের ইতিহাসে এমন পদক্ষেপ এই প্রথম।
২০১৩ সালে ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনেও ২০১০ সালে বিএনপির ছায়া বাজেট ঘোষণাকে ‘দেশে এই প্রথম কোনো রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান বিরোধী দল, সংসদের বাইরে জাতীয় বাজেট ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেছিল।’ হিসেবে অভিহিত করেছিল।
অর্থাৎ, বিরোধী দল হিসেবে এনসিপিই প্রথম ছায়া বাজেট ঘোষণা করেছে বলে যে দাবি ছড়িয়েছে তা সঠিক নয়। ২০১০ সালে বিএনপিও বিরোধী দলে থাকাকালীন ছায়া বাজেট ঘোষণা করেছিল। পরের দুই বছরও (২০১১, ২০১২) দলটি একইভাবে ছায়া বাজেট দিয়েছিল। বিএনপির আগে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে সিপিডি নিয়মিত বাজেট প্রস্তাবনা ও বিকল্প সুপারিশ দিত। কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকার ঘোষিত বাজেটের বিকল্প হিসেবে আনুষ্ঠানিক “ছায়া বাজেট” উপস্থাপনের নজির ২০১০ সালের আগে পাওয়া যায় না।
সুতরাং, গত ০৫ জুন এনসিপির ঘোষিত ছায়া বাজেটটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ছায়া বাজেট বলে যে দাবি প্রচার করা হয়েছে তা মিথ্যা।
তথ্যসূত্র
- Bdnews24- Khaleda for old age pension
- Daily Star- Focus on gas exploration


