বাংলাদেশি ভোটারদের অর্ধেকই আ.লীগকে সমর্থন করে শীর্ষক মন্তব্যটি রয়টার্সের নয়

সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের মন্তব্য দাবিতে ‘বাংলাদেশি ভোটারদের প্রায় অর্ধেক শেখ হাসিনার দলকে সমর্থন করে’ শীর্ষক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্লাটফর্মের পোস্ট দেখুন ইনস্টাগ্রাম, থ্রেডস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশি ভোটারদের প্রায় অর্ধেক শেখ হাসিনার দলকে সমর্থন করে’ শীর্ষক মন্তব্যটি রয়টার্সের নয়। প্রকৃতপক্ষে, রয়টার্সের ভারতের প্রতিনিধি কৃষ্ণ দাস একটি পডকাস্টে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বরাত দিয়ে উক্ত মন্তব্যটি করেন যা রয়টার্সের মন্তব্য দাবিতে প্রচার হচ্ছে৷
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, রয়টার্সের ফেসবুক পেজের একটি পোস্টকে সূত্র হিসেবে দেখানো হচ্ছে এ সংক্রান্ত দাবির পোস্টগুলোতে। ১৮ নভেম্বর রাতে প্রকাশিত এই পোস্টের ক্যাপশনে স্পষ্টতই দাবির অংশটি কোট (‘’) আকারে লেখা দেখা যাচ্ছে। পোস্টে এ সংক্রান্ত একটি পডকাস্টের লিংক দেওয়া হয়েছে।

‘Trump’s Gaza plan, Epstein vote, Comey and Bangladesh’ শিরোনামে স্পটিফাই ও ইউটিউবে থাকা রয়টার্স ওয়ার্ল্ড নিউজের এই পডকাস্টটিও প্রকাশিত হয়েছে গতকালই (১৮ নভেম্বর)। পডকাস্টটির ট্রান্সক্রিপ্ট পাওয়া যাচ্ছে রয়টার্সের ওয়েবসাইটে। এই ট্রান্সক্রিপ্টের একটি অংশে রয়টার্সের ভারত শাখার পলিটিক্স ও জেনারেল নিউজ সেকশনের এডিটর কৃষ্ণ দাসের একটি মন্তব্য পাওয়া যায়। কৃষ্ণ বলছেন, “হাসিনার ছেলে আমাদের জানান যে, তারা—শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ—দুজনেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তবে তারা বাংলাদেশে তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা বলেন, যদি দলের ওপর নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয়, তাহলে নির্বাচনের আগে সহিংসতা ঘটতে পারে। তাদের মতে, বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, এবং যদি তারা নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে অনেক ভোটার তাদের পছন্দের প্রথম দলের জন্য ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন, যা একটি বড় অনিয়ম।”

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি রয়টার্স বা সংবাদ সংস্থাটির কোনো সাংবাদিকের নয় বরং শেখ হাসিনা ও তার ছেলে জয়ের। তাছাড়া, রয়টার্সও দাবি করেনি যে এটি তাদেরই মন্তব্য। বরং তারা মন্তব্যটি কোট আনকোট আকারে প্রকাশ করেছে।
সুতরাং, বাংলাদেশি ভোটারদের প্রায় অর্ধেক শেখ হাসিনার দলকে সমর্থন করে শীর্ষক একটি মন্তব্য রয়টার্সের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

