ভূমিকম্পে ঢাকার গাবতলীতে ভবন ধস কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি, প্রচারিত ছবিটি নেপালের

২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, ঢাকার গাবতলীতে ভবন ধসে ৩ জন নিহত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধসে পড়া ভবনের এই ছবিটি ঢাকার গাবতলীর নয় বরং, এটি ২০১৫ সালে নেপালে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের ছবি। এছাড়া, ২১ নভেম্বরের ভূমিকম্পে ঢাকারগাবতলীতে ভবন ধস কিংবা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড এর ওয়েবসাইটে ২০১৬ সালে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি ২০১৫ সালে নেপালে সংঘটিত ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের।

প্রতিবেদনে ছবির নিচে থাকা ক্যাপশন থেকে আরও জানা যায়, উক্ত ছবিটি ধারণ করেছেন কিশোর রানা নামের একজন ফটোগ্রাফার।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ২০১৫ সালের ৩০ এপ্রিল ‘Nepal earthquake: a disaster that shows quakes don’t kill people, buildings do’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ভূমিকম্পে ধসে পড়া ভবনের একটি ছবি যুক্ত রয়েছে, যার সাথে প্রচারিত ড্রোন-ভিউ ছবির ভবনগুলোর রং ও আশপাশের পরিবেশের মিল রয়েছে। 

গত ২১ নভেম্বরের ভূমিকম্পে ছাদের রেলিং ভেঙে পড়ে ঢাকার বংশালে ৩ জন এবং মুগদায় ১ জন নিহতের খবর পাওয়া গেলেও গাবতলীতে কোনো ভবন ধস-হেলে পড়া কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

সুতরাং, গত ২১ নভেম্বরের ভূমিকম্পে ঢাকার গাবতলীতে ভবন ধসে ৩ জনের নিহতের দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: