নেপালে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাস হওয়ার দাবিটি মিথ্যা

গত বছরের যুব নেতৃত্বাধীন আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বড় জয়ের পর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, নেপালে নতুন আইন পাস হয়েছে এবং সেই আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, থ্রেডস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেপালে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাস হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি, দেশটির সংবিধানে বর্তমানে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই।
এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্রে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। নেপাল বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এ ধরনের সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়নি।
আরও অনুসন্ধানে নেপালের ফ্যাক্টচেকিং সংস্থা নেপালফ্যাক্টচেকের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, নেপালের সংবিধান ২০১৫-এর ধারা ১৬(২) অনুযায়ী কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কোনো আইন প্রণয়ন করা যাবে না। এটি জীবনের মৌলিক অধিকারের অংশ হিসেবে সুরক্ষিত। এ ধরনের পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন, যা প্রতিনিধি সভা ও জাতীয় সভা উভয় কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে।
এছাড়া নেপাল আন্তর্জাতিকভাবেও মৃত্যুদণ্ড বিলুপ্তির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি ১৯৯১ সালে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ অনুসমর্থন করে এবং ১৯৯৮ সালে এই সনদের দ্বিতীয় ঐচ্ছিক প্রোটোকলে স্বাক্ষর করে, যার লক্ষ্য মৃত্যুদণ্ড সম্পূর্ণ বিলোপ করা। যুদ্ধকালীন বিশেষ পরিস্থিতি ছাড়া মৃত্যুদণ্ড পুনর্বহাল করা আইনত সম্ভব নয়।
অন্যদিকে, নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী গত ২৯ মার্চ ইনস্টাগ্রামে এক পোস্টে ধর্ষণসহ গুরুতর অপরাধসংক্রান্ত আইন ও প্রক্রিয়া পর্যালোচনায় একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানান। তবে ওই পোস্টে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।
সুতরাং, নেপালে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাস হয়েছে বলে প্রচারিত দাবি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nepalfactcheck – Viral claim that rapists will be sentenced to death in Nepal is false, the constitution itself has imposed the ban
- Sobita Gautam – Instagram Post

