আর্জেন্টিনার জার্সি পরে নেতানিয়াহুর বিশ্বকাপ ম্যাচ দেখার দাবিতে এআই ছবি প্রচার

২২ জুন গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার এই ম্যাচে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার জার্সি পরে উপস্থিত ছিলেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয় এবং প্রচারিত ছবিটিও আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

দাবিটির বিষয়ে শুরুতে একাধিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনুসন্ধান চালানো হয়। তবে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে ওই ম্যাচে বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। নেতানিয়াহুর মতো আলোচিত কোনো ব্যক্তি যদি ওই ম্যাচে উপস্থিত থাকতেন, বিশেষত কোনো নির্দিষ্ট দলের জার্সি পরিহিত অবস্থায়, তাহলে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ওই ম্যাচটি ২২ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তবে সেদিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে উপস্থিতির কোনো তথ্য মেলেনি। বরং ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সেদিন প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, তিনি জেরুজালেমে বসনিয়ান সার্ব রাজনীতিবিদ জেলকা সিভিয়ানোভিচের সঙ্গে বৈঠক করেন।

প্রচারিত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে থাকা জার্সিগুলোতেও অসংগতি রয়েছে। ছবিতে নেতানিয়াহুর পরনে থাকা আর্জেন্টিনার জার্সির ফিফা ব্যাজ আর্জেন্টিনা দলের অফিসিয়াল জার্সির সঙ্গে মেলে না। একইভাবে তার পেছনে থাকা ব্যক্তির অস্ট্রিয়ার জার্সির ক্রেস্টও অস্ট্রিয়া দলের অফিসিয়াল ক্রেস্টের মতো নয়।

পরবর্তীতে ছবিটি ওপেনএআইয়ের নিজস্ব এআই শনাক্তকারী টুলে যাচাই করলে ফলাফলে দেখা যায়, এটি ওপেনএআইয়ের টুলস ব্যবহার করে তৈরি।

সুতরাং, বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার জার্সি পরে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে উপস্থিত ছিলেন দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • OpenAI. 
Share: