পেছনে জীবিত নেতানিয়াহুকে রেখে ছড়াচ্ছে মৃত্যুর ভুয়া দাবি

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যার মাধ্যমে দাবি করা হচ্ছে, “ইসরায়েলি সাংবাদিক দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো এই বাড়িতেই মারা গেছেন। যে বাড়িতে গত ৯ মার্চ ভয়াবহ মিসাইল হামলা হয়। ওই বিস্ফোরণ অন্তত ৯ জন মানুষ নিহত হয়। এবং অনেকে গুরুতর আহত হয়।” 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যক্তি ইসরায়েলি সাংবাদিক নন এবং তিনি ভিডিওতে এমন কোনো দাবিই করেননি যে, নেতানিয়াহু এই বাড়িতে মারা গেছেন। প্রকৃতপক্ষে, ভারতের এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কউল গত ০২ মার্চ তার এই বক্তব্যে বলেন যে নেতানিয়াহু সেখানে ভিজিট করছেন। ভিডিওতেও নেতানিয়াহুকে দেখা গেছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেলে গত ০৩ মার্চ প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওতে এই সাংবাদিকের নাম উল্লেখ করা হয়, আদিত্য রাজ কউল, যিনি গণমাধ্যমটিরই সাংবাদিক। ভিডিওতে উক্ত সাংবাদিককে বলতে শোনা যায়, আমার পেছনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি এই স্থানটি পরিদর্শনে এসেছেন। 

ভিডিওতে পরবর্তীতে নেতানিয়াহুকে উক্ত সাংবাদিককে সাক্ষাৎকারও দিতে দেখা যায়।

পরবর্তী অনুসন্ধানে আদিত্য রাজ কউলের এক্স প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। এনডিটিভির এই সিনিয়র এক্সিকিউটিভ এডিটর জানান, ২ মার্চ বিকাল ৪:৩০ মিনিটে ইসরায়েলের বেট শেমেশ থেকে এনডিটিভির জন্য একটি প্রতিবেদন এটি, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পরিদর্শন করছিলেন। হামলায় শিশু সহ ৯ জন নিহত এবং ৪০ জন আহত হন। আদিত্য বলছেন, এই ভিডিওর মাধ্যমে কিছু ভিত্তিহীন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি৷

সুতরাং, ভারতের সাংবাদিককে ইসরায়েলের আখ্যা দিয়ে নেতানিয়াহুর মৃত্যু সংক্রান্ত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: