বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে নেইমারের বক্তব্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আবেগঘন ভিডিওবার্তা দিয়েছেন এমন দাবিতে সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ভিডিও বার্তায় নেইমারকে, “বাংলাদেশ, তোমাদের ভালোবাসি, আমি কখনো ভুলবো না। হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও তোমরা যেভাবে ব্রাজিলকে হৃদয়ে ধারণ করো, সেটা আমাদের জন্য অনেক বড় শক্তি…” বলতে শোনা গিয়েছে বলে দাবি করেন ভিডিওটির উপস্থাপক।

এছাড়া, তিনি বাংলাদেশি সমর্থকদের ব্রাজিলের পাশে থাকার আহ্বান জানান এবং তাদের ‘পরিবারের অংশ’ বলেও উল্লেখ করেন বলেও দাবি করা হয়।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে নেইমারের আবেগঘন বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, নেইমারের পুরোনো একটি ভিডিওর অংশবিশেষের সাথে নেইমারের ভিন্ন ভিন্ন ছবি যুক্ত করে একটি ভিডিও তৈরি করে সেটি আলোচিত এই দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কিংবা দেশিয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবি সংশ্লিষ্ট তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। পরবর্তীতে তার ভিডিওবার্তা দাবিতে উপস্থাপিত ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত একই ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচার হতে দেখা যায়।

মূল ভিডিওটি পর্যালোচনায় এতে নেইমারকে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে কোনো কথা বলতে শোনা যায়নি। বরং, ভিডিওতে তিনি তার প্রতিষ্ঠিত Instituto Neymar Jr-এর চতুর্থ চ্যারিটি নিলাম অনুষ্ঠানের ঘোষণা দেন। তিনি জানান, এই আয়োজনটি ৩ জুন সাও পাওলোর Clube Monte Líbano-এ অনুষ্ঠিত হবে এবং এটি মূলত স্পনসর ও আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হয়েছে। ভিডিওর শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “Together we are stronger” এবং বিস্তারিত তথ্যের জন্য একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানায় যোগাযোগের আহ্বান জানান।

সুতরাং, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে নেইমার আবেগঘন বক্তব্য দিয়েছেন দাবিতে নেইমারের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Neymar Jr X Post
  • Rumor Scanner’s Analysis
Share: