চলমান ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে সেটিকে ইরানে অগ্নিকাণ্ডের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইরানে অগ্নিকাণ্ডের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার মার্কেটে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘ismail_r_rahab’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

পরবর্তীতে, “factnewshausa’ নামক টিকটক অ্যাকাউন্টে একই ঘটনার আরও একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে দাবি করা হয়, এটি নাইজেরিয়ার কানো শহরের সিঙ্গা মার্কেটে লাগা আগুনের ভিডিও।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কানোর সিঙ্গা মার্কেটে অগ্নিকাণ্ডে ৫ বিলিয়ন নাইরারও বেশি মূল্যের দোকানপাট, পণ্য ও সম্পত্তি ধ্বংস হয়েছে। বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই আগুন রাত পর্যন্ত জ্বলতে থাকে এবং ১,০০০-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত হয়।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২) প্রকাশ করে।
সুতরাং, গত ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার মার্কেটে আগুন লাগার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইরানে আগুনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ismail_r_rahab – Instagram Post
- Factnewshausa – TikTok Post
- The Guardian – Seven feared missing as fresh Kano market fire destroys over N5b goods


