১ ছেলে সন্তানের আশায় ৯ মেয়ে সন্তান জন্মের ভুয়া গল্প প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘আমি একটা ছেলের আশায় ৯টি মেয়ে গর্ভে ধারন করেছি। একটি ছেলের আশায় ৯টি মেয়ে হওয়ার কারণে আমাকে তা/লা/ক দেওয়ার কথা বলতো লোকজন কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। তাই সে এমন কাজ করেনি। আমাকে আগলে রেখেছেন। আজ আমার ১ মেয়ে আর্মি অফিসার, ১ মেয়ে ডাক্তার, ১ মেয়ে কলেজ শিক্ষক এবং ২ মেয়ে ইউনিভার্সিটি শিক্ষক ও ৩ মেয়ে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এখন সবাই আমাকে রত্নগর্ভা মা বলে এক মায়ের মর্যাদা, সেই মা এখন ৯ মেয়েকে নিয়ে গর্ব করে। কিন্তু একটা সময় সে অনেক দুঃখ পেতো। এই পথ তার জন্য সহজ ছিল না। এই মার জন‍্য সবাই মন থেকে দোয়া করবেন।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির নারী ১ ছেলে সন্তানের আশায় ৯ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে প্রচারিত ছবিতে প্রদর্শিত নারীর নাম রহমতুন্নেছা এবং তিনি একজন হোমিও চিকিৎসক; তার তিন পুত্রসন্তান ও দুই কন্যা সন্তান রয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে ‘চট্টগ্রামের খবর’ নামের একটি অনলাইন পোর্টালে গত ২৭ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত নারীর ছবির সংযুক্তি পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, উক্ত নারীর নাম জনাবা রহমতুন্নেছা এবং তিনি একজন হোমিও চিকিৎসক। তিনি ষাটের দশকে ম্যাট্রিক-ইন্টার পাস করেছিলেন। তিনি তিন পুত্রসন্তান ও দুই কন্যা সন্তানের গর্বিত মা। দুই মেয়েদের মধ্যে বড় কন্যা – অধ্যাপিক শামীমা আক্তার, কনিষ্ঠা কন্যা অধ্যাপিকা সেলিনা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে দুইজনেই চন্দনাইশ আমানতছফা বদরুন্নেসা কলেজ, পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ এ শিক্ষকতা পেশার সাথে জড়িত। তিন ছেলেদের মধ্যে বড় সন্তান সাখাওয়াত হোসেন, দ্বিতীয় সন্তান সাজ্জাদ হোসেন সুমন, ছোট সন্তান শাহাদাত হোসেন রানা।

এছাড়াও, অনুসন্ধানে রহমতুন্নেছার ছেলে শাহাদাত হোসেন রানার ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রামের খবর’ এর প্রতিবেদনটির লেখা সংবলিত একটি পোস্ট শেয়ার দিয়ে ক্যাপশনে নিজের মা বলে পরিচয় দেন।

তবে অনুসন্ধানে কোথাও উক্ত নারীর সাথে ১ ছেলে সন্তানের আশায় ৯ কন্যা সন্তানের শীর্ষক দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, ১ ছেলে সন্তানের আশায় ৯ কন্যা সন্তান দাবিতে প্রচারিত পোস্টটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: