দুই দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধের কোনো ঘোষণা দেওয়া হয়নি

সম্প্রতি, “দুই দিনের জন্য বন্ধ করা হলো ইন্টারনেট সেবা দেশের সাবমেরিন ক্যবল আপগ্রেড করার জন্য ২০ ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকবে” শীর্ষক দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সংবাদের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং সম্প্রতি ইন্টারনেট বন্ধের বিষয়ে এমন কোনো ঘোষণাও দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য সেবছরের ৩১ অক্টোবর ও ২ নভেম্বর দুই দিনে প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে বলে ঘোষণা দেয় বিএসসিসিএল। ভিডিওটি সেই ঘটনারই একটি সংবাদ প্রতিবেদনের।

এ বিষয়ে অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ অক্টোবর “সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে কালবেলার ওয়েবসাইটে ২০২৩ সালের ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সে বছরের ২৯ অক্টোবর বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশনের কারণে ৩১ অক্টোবর ও ২ নভেম্বর দুই দিনে প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন ব্যবহারকারীরা।

অর্থাৎ, প্রচারিত সংবাদ প্রতিবেদনের ভিডিওটি ২০২৩ সালের।

সুতরাং, ২০২৩ সালে সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের দুইদিনে প্রায় ২০ ঘন্টা ইন্টারনেটে বিঘ্নের ঘোষণা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ২ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: