ড. ইউনূস-নুরজাহান বেগমের বিরুদ্ধে মামলা হয়নি  

আজ (০৮ জুন) সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে শীর্ষক দাবি প্রচার করা হয় দেশের একাধিক গণমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে। দাবি করা হয়, হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস এবং নূরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যমুনা টিভি (ফেসবুক), চ্যানেল আই, দ্য নিউজ

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হওয়ার দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তাদের বিরুদ্ধে মামলার আবেদন করার পর শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইট আজ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। দুপুরে শুনানি শেষে মামলা খারিজ করে দেন সিএমএম আদালতের বিচারক।

বিডিনিউজ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়, বাদীর আর্জি শুনে বিচারক জশিতা ইসলাম ‘মামলা গ্রহণ করার উপাদান না থাকার’ কারণ দেখিয়ে আবেদনটি খারিজ করে দেন বলে বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান।

অর্থাৎ, মামলা হয়নি, বরং মামলার জন্য আবেদন করা হয়েছিল। তবে আদালত তা খারিজ করে দিয়েছেন।

সুতরাং, ড. ইউনূস-নুরজাহান বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।  

তথ্যসূত্র

Share: