হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না শীর্ষক মন্তব্য করেননি সাদিক কায়েম

গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ‘শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না- ভিপি সাদিক কায়েম’ শিরোনামে ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসন্ন জাতীয় নির্বাচনকে জড়িয়ে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘atv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’ নামক ফেসবুক পেজে গত ২৫ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘আশার আলো’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শহীদ ওসমান হাদি হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এক চুলও পিছু হটবেন না।
এছাড়া, গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, গত ২২ ডিসেম্বর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন ও গণভোটের আগেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী কারা, সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন-এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না। ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।
তাছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (১, ২) সূত্রে জানা যায়, এটি গত ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব–ছাত্র–নাগরিক সম্মেলনে সাদিক কায়েমের কথা বলার দৃশ্য।
অর্থাৎ, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সাথে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনার কোনো সম্পর্ক নেই।
সুতরাং, সাদিক কায়েম ‘শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো – Facebook Post
- Md Abu Shadik – Facebook Profile
- The Daily Campus – শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডাকসু ভিপি
- দেশ রূপান্তর – হাদির বিচার নিশ্চিত না করে নির্বাচন হবে না: ইনকিলাব মঞ্চ
- Risingbd.com – ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: ভিপি সাদিক কায়েম
- জনকণ্ঠ – ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়: ভিপি সাদিক কায়েম

