সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, সৌদি আরবে থাকা আমেরিকান ঘাঁটি ওই দেশের জনগণ ভাঙচুর করছে। ক্যাপশনে উল্লেখ করা হয়, “এটা কে বলে বাঘের বাচ্চা! আজ সৌদি আরবে থাকা আমেরিকার ঘাঁটিতে ভয়াবহ ভাঙচুর চালাচ্ছে সৌদি জনগণ। তাদের দেশে আমেরিকার ঘাঁটি থাকতে দেবে না। পুরো ঘাঁটি ভাঙচুর করে ধ্বংস করে ফেলা হয়েছে। এ ধরনের কাজ করার জন্য সৌদি জনগণকে ধন্যবাদ। এই খুশিতে সবাই বলেন, আলহামদুলিল্লাহ।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি সৌদি আরবে জনগণের দ্বারা আমেরিকান সামরিক ঘাঁটি ভাঙচুরের কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, দাবিটির সত্যতা যাচাইয়ে বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলে, সৌদি আরবে আমেরিকান ঘাঁটি ভাঙচুরের সাম্প্রতিক কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। একইসঙ্গে, আলোচিত দাবির পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যম বা নির্ভরযোগ্য সংবাদসূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ছবিটির প্রকৃতি যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শনাক্তকারী ওয়েবসাইট ইমেজ হুইসপারারে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
পরবর্তী সময়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবিটির উৎস অনুসন্ধান করা হলেও কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, আলোকচিত্র সংস্থা বা স্বীকৃত সূত্রে ছবিটির উপস্থিতি পাওয়া যায়নি।
সুতরাং, সৌদি আরবে জনগণের দ্বারা আমেরিকান ঘাঁটি ভাঙচুরের দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- ImageWhisperer – AI Image detector
- Rumor Scanner’s own analysis


