কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহের দাবিটি ভুয়া 

ঋণখেলাপীর তথ্য গোপন রাখার অভিযোগে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (১৭ জানুয়ারি) বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরই প্রেক্ষিতে, ‘কুমিল্লা ৪ থেকে মুন্সীর স্ত্রী “মাজেদা আহসান মুন্সী” মনোনয়ন তুলেছিলেন স্বতন্ত্র হিসেবে। মঞ্জুর মুনসির প্রার্থীতা আপিলেও বাতিল হলে তার স্ত্রী নির্বাচন করবেন। স্বতন্ত্র হলেও তখন তিনিই ধানের শীষের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন।’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তোলার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত আসন থেকে আটজনের মধ্যে কোনো নারী মনোনয়ন তোলেননি।

শুরুতে আলোচিত পোস্টগুলোতে সূত্র হিসেবে জাতীয় দৈনিক ইনকিলাবের একটি সংবাদের স্ক্রিনশট প্রচার হতে দেখা যায়।

ইনকিলাবের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, ‘এদিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবং তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান।

আজ শনিবার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী মাজেদা আহসান মুন্সীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। শেষ পর্যন্ত তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও তিনি বিএনপি’র প্রার্থী হিসেবেই পরিচিতি পাবেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও মাজেদা আহসান মুন্সী বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।’

তবে, অনুসন্ধানে এমন কোনো সংবাদ ইনকিলাবের ওয়েবসাইটে পাওয়া যায়নি। ইনকিলাবের ওয়েবসাইটে বর্তমানে সংবাদটি পাওয়া না গেলেও এমন একটি সংবাদ ইনকিলাব প্রকাশ করেছিল বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

এরপর, আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। শুরুতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কুমিল্লা-৪ আসনে মনোনয়ন তোলা প্রার্থীদের তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত আসন থেকে আটজন মনোনয়ন তুলেছিলেন। যার মধ্যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ মনোনয়ন তুলেননি।

এরমধ্যে, নির্বাচন সংশ্লিষ্ট ত্রুটিজনিত কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মনোনয়ন তোলা মো: আব্দুল করিম ও আমজনতার দলের হয়ে মনোনয়ন তোলা মো: মাসুদ রানা বাদে বাকি ছয়জনকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এছাড়া, মানবজমিনের ওয়েবসাইটে গত ০৩ জানুয়ারি “কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে ৮ প্রার্থীর ২ জনের মনোনয়নপত্র বাতিল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লা-৪ আসন থেকে মোট ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে, নির্বাচন সংশ্লিষ্ট ত্রুটিজনিত কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মনোনয়ন তোলা মো: আব্দুল করিম ও আমজনতার দলের হয়ে মনোনয়ন তোলা মো: মাসুদ রানার প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকি ছয়জন হলেন– বিএনপি’র প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদ (জিওপি)’র প্রার্থী মো. আঃ জসিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র প্রার্থী ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন।

অর্থাৎ, কুমিল্লা-৪ আসন স্বতন্ত্র কোনো প্রার্থীই মনোনয়ন তোলেননি।

সুতরাং, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: