তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আর কোনো মেয়ে ধর্ষিত হবেনা শীর্ষক মন্তব্য করেননি শামা ওবায়েদ

সম্প্রতি, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আর কোন মেয়ের ধর্ষণ হবে না’ শিরোনামে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আর কোনো মেয়ে ধর্ষিত হবেনা বলে মন্তব্য করেননি শ্যামা ওবায়েদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে শ্যামা ওবায়েদ এরূপ কোনো মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে ‘জানিনা টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ নভেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল থাকলেও নিচের অংশে থাকা ‘জানিনা টিভি’–র নাম ও লোগো অনুপস্থিত ছিল। যা থেকে প্রতীয়মান হয় যে, জানিনা টিভির এই ফটোকার্ডটির নিচের অংশে থাকা নাম-লোগো ক্রোপ করেই আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

‘জানিনা টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আর কোন মেয়ের ধর্ষণ হবে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Janina Television – Facebook Post
- Rumor Scanner’s analysis

