জামায়াত জোট ক্ষমতায় আসতে যাচ্ছে শীর্ষক দাবি কোনো স্বীকৃত মার্কিন জরিপ করেনি

সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ‘ব্রেকিং নিউজ | এইমাত্র পাওয়া মার্কিন জরিপ বলছে জামায়েত জোট ক্ষমতায় আসতে যাচ্ছে ইনশাল্লাহ’।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৯০ হাজারবার দেখা হয়েছে এবং ৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোনো স্বীকৃত মার্কিন জরিপ “জামায়াত জোট ক্ষমতায় আসছে” এমন সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার জরিপের বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)’ এর ওয়েবসাইটে গত বছরের ১ ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপ পাওয়া যায়। জরিপটি আইআরআই (IRI)-এর ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’-এর পক্ষ থেকে একটি স্থানীয় গবেষণা সংস্থা ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে পরিচালনা করেছে। মাল্টি-স্টেজ স্ট্র্যাটিফাইড প্রোবাবিলিটি স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করে সরাসরি ঘরে গিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপটিতে ১৮ বছর বা তার বেশি বয়সী ৪,৯৮৫ জন অংশগ্রহণকারীর তথ্য নেওয়া হয়েছে, যা জাতীয়ভাবে ভোট দেওয়ার বয়সী প্রাপ্তবয়স্কদের প্রতিনিধিত্ব করে। জরিপে ভোটের অংশে বলা হয়, আইআরআই এর জরিপটিতে “জাতীয় নির্বাচনের কথা চিন্তা করলে, আগামী সপ্তাহে যদি সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে আপনি কোন দলকে ভোট দেবেন?’ এমন প্রশ্নের জবাবে ৩০ শতাংশ বিএনপি, ২৬ শতাংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬ শতাংশ জাতীয় নাগরিক পার্টি, ৫ শতাংশ জাতীয় পার্টি, ৩ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ৮ শতাংশ এর বাইরে অন্য কোনো দলের নাম বলেন। অর্থাৎ, উক্ত জরিপ অনুসারেও বিএনপি এগিয়ে।

এছাড়া, আর কোনো স্বীকৃত মার্কিন জরিপ সংস্থার জরিপ পাওয়া যায়নি যেখানে দাবি করা হয়েছে “জামায়াত জোট ক্ষমতায় আসছে”।

সুতরাং, ‘মার্কিন জরিপ বলছে জামায়েত জোট ক্ষমতায় আসতে যাচ্ছে’ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: