গণভোটে না ভোট দেওয়া প্রসঙ্গে তাজুল ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে। এরই প্রেক্ষিতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে উদ্ধৃত করে ‘গনভোটে কেহ না ভোট দিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ফাঁসি দেওয়া হবে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণভোটে না ভোট দিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেননি মোহাম্মদ তাজুল ইসলাম। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে মোহাম্মদ তাজুল ইসলামের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদ তাজুল ইসলামের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

এছাড়া, মোহাম্মদ তাজুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, তাজুল ইসলাম গণভোটে না ভোট দিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: