নির্বাচনে বিএনপি থেকে রুমিন ফারহানার মনোনয়ন পাওয়ার দাবিতে পুরোনো ভিডিও প্রচার  

সম্প্রতি, “অবশেষে তারেক রহমানের নির্দেশে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন ব্যারিস্টার রুমির ফারহানা 03/13/2026” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬ লাখ ৭৭ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক–বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়নি বিএনপি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২০ মে ‘সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের শুরুর অংশের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ২০১৯ সালের ২০ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

এছাড়াও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে বেশ কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি। পরদিন ২৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে, ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রুমিন ফারহানা।

সুতরাং, ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: