হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে নুরের মন্তব্য দাবিতে আমার দেশের ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘মামুনুল হক অন্যের স্ত্রী নিয়ে হোটেলে ধরা পড়ার পর আমরাই তাকে রক্ষা করেছিলাম’ শিরোনামে আমার দেশ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৬ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘মামুনুল হক অন্যের স্ত্রী নিয়ে হোটেলে ধরা পড়ার পর আমরাই তাকে রক্ষা করেছিলাম’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ ৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতারাং, নুরুল হক নুরকে উদ্ধৃত করে ‘মামুনুল হক অন্যের স্ত্রী নিয়ে হোটেলে ধরা পড়ার পর আমরাই তাকে রক্ষা করেছিলাম’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Rumor Scanner’s Analysis

