গণঅধিকার পরিষদের সভাপতি নুরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নুরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সংবাদকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ৭ ফেব্রুয়ারি বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুর শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নয়, বরং মৌলভীবাজার-১ আসনের একই দলের প্রার্থী মো. আব্দুন নুর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে নিজের নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান।
উক্ত ঘটনায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। মো. আব্দুন নুরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
এছাড়াও অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, নুরুল হক নুরের ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনি প্রচারণা চালাতে দেখা যায়।
অর্থাৎ, নির্বাচন থেকে সরে দাঁড়ানো গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর এবং নুরুল হক নুর একই ব্যক্তি নন।
সুতরাং, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhakapost Website: বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুর
- Rumor Scanner’s Analysis

