আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে শীর্ষক মন্তব্য করেননি নুর, সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে, `আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে’ শীর্ষক মন্তব্যটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের দাবিতে বাংলাভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে’ শীর্ষক কোনো মন্তব্য নুরুল হক নুর করেননি এবং বাংলাভিশনও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২০ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি নুরুল হক নুরের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা ছবি এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও বাংলাভিশনের লোগোর মিল রয়েছে। তবে, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডটিতে ‘আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না: নুর’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে’ শীর্ষক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাভিশনের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত শোক র‌্যালিপূর্ব সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার ওপর হামলার মদদ দিয়েছে। সেসময় আমাদের সঙ্গে যা ঘটেছে, তার বিচার হলে শরিফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে।

সুতরাং, `আমার ওপর হামলার পরে আমার নামে টাকা তুলে হাদি খেয়েছে’ শীর্ষক শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: