‘শেখ হাসিনা ফিরলে আমি বিষ খাবো’—নুসরাত তাবাসসুমের নামে ভুয়া উদ্ধৃতি

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ফিরলে আমি বিষ খাবো’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি করেননি নুসরাত তাবাসসুম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। নুসরাত তাবাসসুম এরুপ মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২২ জুন) প্রথমবারের মতো সংসদে বক্তব্য দিয়েছেন নুসরাত তাবাসসুম। এরই প্রেক্ষিতে সংসদে বাজেট বক্তৃতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে জড়িয়ে নুসরাত তাবাসসুমের একটি বক্তব্য লক্ষ্য করা যায়, বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন “অভ্যুত্থানের ২ বছর পরেও সেই স্বৈরাচার এর বিষদাত আমরা ভাঙ্গতে দেখিনি”

সুতরাং, নুসরাত তাবাসসুম ‘শেখ হাসিনা ফিরলে আমি বিষ খাবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: