৫০০ টাকার নতুন নোট দাবিতে পুরোনো নোটের ছবি প্রচার

সম্প্রতি, বাংলাদেশের নতুন ৫০০ টাকার নোটের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হচ্ছে, নতুন ৫০০ টাকার নোটটি পুরোনো ৫০০ টাকার নোটের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৫০০ টাকার নোটটির ছবি সম্প্রতি ইস্যুকৃত নয় বরং নব্বইয়ের দশকের ৫০০ টাকার নোটের ছবিকে নতুন নোট দাবিতে প্রচার করা হচ্ছে৷

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত নোটের ছবিগুলো পর্যবেক্ষণ করলে তাতে গভর্নর হিসেবে খোরশেদ আলমের স্বাক্ষর দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যায়, খোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকের ৫ম গভর্নর ছিলেন এবং গভর্নর হিসেবে তার সময়কাল ২০ ডিসেম্বর ১৯৯২ থেকে ২১ নভেম্বর ১৯৯৬ সাল পর্যন্ত। এছাড়াও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খোরশেদ আলম ২০২১ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। অপরদিকে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে আছেন ড. আহসান এইচ. মনসুর। মূলত কোনো ব্যাংক নোট প্রকাশ হলে তাতে দায়িত্বে থাকা গভর্নরের স্বাক্ষর থাকে। উক্ত ব্যাংক নোট সম্প্রতি প্রকাশ হলে তাতে বর্তমান গভর্নর আহসান এইচ. মনসুরের স্বাক্ষর থাকার কথা৷ কিন্তু, তাতে খোরশেদ আলমের স্বাক্ষর রয়েছে যা প্রাথমিকভাবে নিশ্চিত করে যে উক্ত নোটটি ২০ ডিসেম্বর ১৯৯২ থেকে ২১ নভেম্বর ১৯৯৬ সাল সময়কালীন সময়ে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশিত নোটগুলোর ছবি পাওয়া যায়৷ ওয়েবসাইটে এ যাবতকালে প্রকাশিত ৫০০ টাকার নোটগুলোর তালিকা ও ছবি দেখলে ১৯৭৬ সালে ইস্যু করা একটি ৫০০ টাকার নোটের ছবি পাওয়া যায়, যার সামনের অংশে ঢাকার তারা মসজিদ এবং পিছনের অংশে সুপ্রিম কোর্টের ছবি দেখতে পাওয়া যায়। উক্ত নোটটিকে কিছুটা পরিমার্জন করে ১৯৯১ সালে আরেকটি নোট আনা হয়। উভয় নোটের সাথেই আলোচিত দাবিতে প্রচারিত নোটের মিল রয়েছে।

যেহেতু ১৯৯২ সাল থেকে খোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাই প্রতীয়মান হয় যে, আলোচিত ৫০০ টাকার এই সিরিজের নোটটি ১৯৯২ থেকে ১৯৯৬ সালের মধ্যে ছাপানো হয়েছিল।

পাশাপাশি কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা ট্রিবিউন-এর ওয়েবসাইটে গত ৩০ এপ্রিল মে মাসের শেষে আসছে নতুন নোট শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদুল আজহার আগেই বাজারে নতুন ডিজাইনের নোট আসছে। এসব নোটে ‘জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি’ ছাড়াও দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন থাকবে বলেও জানান তিনি। এছাড়াও তিনি জানান, মে মাসের শেষের দিকে এই নতুন নোট বাজারে ছাড়া হবে। অর্থাৎ, এ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, আলোচিত দাবিতে প্রচারিত ৫০০ টাকার নোটটি নতুন ইস্যুকৃত নোট নয়।

সুতরাং, পুরোনো ইস্যুকৃত নোটকে সম্প্রতি ছাপানো নতুন ৫০০ টাকার নোট দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: