চলমান ইরান-ইসরায়েলের সংঘাতের দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি পুরোনো ভিডিও প্রচার

শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা এখনো চলমান রয়েছে।

এরইমধ্যে, ‘ইরানের হামলার পর ইসরায়েলের বর্তমান ভয়াবহ অবস্থা’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

আবার একই ভিডিও তেল আবিব বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দাবিতে প্রচার হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলের শহর বা তেল আবিবের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত বা ধ্বংসের ভিডিও নয়। বরং, এআই দ্বারা তৈরি পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘3amelyon’ নামক ইনস্টগ্রাম অ্যাকাউন্টে গত ০৬ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের আগ থেকেই ইন্টারনেটে রয়েছে। যা থেকে নিশ্চিত যে ভিডিওটি চলমান ইরান ইসরায়েল সংঘাতের নয়।

তাছাড়া, ভিডিওটিতে ক্ষতিগ্রস্থ বিমান এবং আশেপাশের ক্ষতিগ্রস্ত স্থাপনার দৃশ্য পর্যবেক্ষণ করে এটি এআই দ্বারা তৈরি বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে এমন অনেক ভিডিও দেখতে পাওয়া যায়। দেখুন – এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

এছাড়াও, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে টিকটক অ্যাকাউন্ট লিংক সংযুক্ত পাওয়া যায়। টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও একই ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়।

ভিডিওটি Cantilux.com নামক এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি ছবি ও ভিডিও শনাক্তকরণ ওয়েবসাইটে যাচাই করা হলে ৬২% এআই দ্বারা তৈরি বলে মত দিয়েছে।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পুরোনো ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

Share: