নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ঢাকার রাজপথ দখলের দাবিতে আর্জেন্টিনার বিশ্বকাপ উদযাপনের ছবি প্রচার 

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ঐদিন, ‘ব্রেকিং নিউজ; ঢাকার রাজপথ এখন ছাত্রলীগের দখলে আলো আসবেই’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ঢাকার রাজপথ দখলের দৃশ্যের নয়, এমনকি প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে উদযাপন করে। তখন রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। সেই উদযাপনের ছবি এটি।

অনুসন্ধানে আর্জেন্টিনার গণমাধ্যম Nexofin এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়লাভ করে আর্জেন্টিনা। জয়লাভের পরপরই আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে দেশটির জনগণ উদযাপন মিছিলে রাস্তায় নেমে আসে। সেই সময়কার ছবি এটি।

একই তথ্য এবং ছবি দিয়ে তখন সংবাদ প্রকাশ করেছিল নাইজেরিয়ার গণমাধ্যম Nairaland.com এবং মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গলফ্ নিউজও

এরপর ছবিতে থাকা ভাস্কর্যটির অবস্থানের বিষয়ে গুগল ম্যাপে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। গুগল ম্যাপে দেখা যায়, ভাস্কর্যটির অবস্থান আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের প্রাণকেন্দ্রে। এটির নাম– ওবেলিস্ক দে বিউনস অ্যায়ারস।

পাশাপাশি, আলোচিত ছবিটিতে আর্জেন্টিনার জাতীয় পতাকাও লক্ষ্য করা যায়৷

অর্থাৎ, ছবিটি বাংলাদেশের নয়।

সুতরাং, ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভের পর দেশটির রাজধানীতে জনতার বিজয় মিছিল করার ছবিকে সম্প্রতি ঢাকায় ছাত্রলীগের জনসমাগম দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: