আ’লীগের মশাল মিছিল দাবিতে বিএনপির ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘অবৈধ নির্বাচন মানিনা মানবো না’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে– আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচন অবৈধ দাবি করে মশাল মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ দাবি করে মশাল মিছিল করার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত বছরের নভেম্বর মাসে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী-সমর্থকদের মশাল মিছিল করেন। সেই সময়কার ভিডিও এটি।

অনুসন্ধানে মো. আব্দুল্লাহ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ০৯ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, এটি কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল্লাহকে ধানের শীষের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে তার সমর্থকদের আগুন মিছিলের দৃশ্য এটি।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সমকালের ওয়েবসাইটে গত বছরের “বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ০৮ নভেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা এই মিছিল করেন। পরে টেকনাফ পৌরচত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের নয়।

সুতরাং, গত বছরের নভেম্বর মাসে টেকনাফে বিএনপির নেতাকর্মীদের করা মশাল মিছিলের ভিডিওকে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ দাবি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: