চট্টগ্রামে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে বগুড়ার পুরোনো মিছিলের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘এই মুহূর্তে চট্টগ্রামে বিশাল মিছিল করলে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ভালো কিছু হবে, জয় বাংলা জয় #বঙ্গবন্ধু!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি চট্টগ্রামেরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ জুলাই ‘বগুড়া জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ’ব শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সামনের সারিতে থাকা ব্যক্তি এবং মিছিলের ব্যানারের ‍হুবহু মিল রয়েছে।

ভিডিওটি বিবরণীতে উল্লেখ করা হয়, সেদিন ‘বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে।

উক্ত ভিডিওটি ছাড়াও রফি নেওয়াজ খান রবিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে সেদিনের মিছিলের কয়েকটি ছবিসহ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

এছাড়াও পরবর্তীতে ভিডিওটিতে দেখতে পাওয়া ‘মরিয়ম ফল ভান্ডার’ নামের দোকানটি সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণের মাধ্যমে দেখা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি বগুড়া শহরের সাতমাথা এলাকায় ধারণ করা হয়েছিল।

অর্থাৎ, ভিডিওটি চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিলের নয়।

উল্লেখ্য, গত আগষ্টে ভিন্ন দাবিতে ভিডিওটি প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, চট্টগ্রামে আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে বগুড়া জেলা আওয়ামী লীগের পুরোনো মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: