চলমান সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলে বিস্ফোরণের দৃশ্য দাবিতে চীনের পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরণের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি ইসরায়েলে ইরানের হামলার দৃশ্য।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলে বিস্ফোরণের দৃশ্যের নয় বরং, এটি ২০১৫ সালে চীনের তিয়ানজিন শহরের একটি গুদামে আগুন লাগার পর হওয়া বিস্ফোরণের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ‘Tianjin explosion video captures fear of eyewitnesses – BBC News’ শীর্ষক শিরোনামে ২০১৫ সালের ১৪ আগস্টে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বর্ণনা অংশে ভিডিওটি সম্পর্কে বলা হয়, “চীনের তিয়ানজিন শহরে দুটি বিশাল বিস্ফোরণের ফুটেজ, যা এক হতভম্ব প্রত্যক্ষদর্শী ধারণ করেছিলেন, সেখানকার মানুষের ভয় ও আতঙ্ককে স্পষ্টভাবে তুলে ধরে। একটি বিপজ্জনক রাসায়নিক সামগ্রী সংরক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির মালিকানাধীন গুদামে আগুন লাগার পর ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ নিহত হন এবং শত শত আহত হন।
শহরের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় গুদামে কী ধরনের পদার্থ ছিল বা বিস্ফোরণের সঠিক কারণ কী—তা এখনো তারা জানেন না। প্রত্যক্ষদর্শী ড্যান ভ্যান ডিউরেন বিস্ফোরণের মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন, এরপর তিনি ও অন্যরা বিপদ এড়াতে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।” (অনূদিত)
এছাড়াও, “Dan Witting” নামক একটি ইউটিউব চ্যানেলেও “Tianjin Chemical plant explosion in China INSANE!!!” শীর্ষক শিরোনামে একই দৃশ্যটি ২০১৫ সালের ১৪ আগস্টে প্রচার হতে দেখা যায়।
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ২০১৫ সালের এবং চীনের।
উল্লেখ্য, এর আগে গতবছরের জুনে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হলে ইসরায়েলের অস্ত্রাগারে ইরানের হামলার দৃশ্য দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হয় এবং সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ২০১৫ সালে চীনের তিয়ানজিন শহরে হওয়া বিস্ফোরণের দৃশ্যকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলে ইরানের হামলায় বিস্ফোরণের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

