বৈরী আবহাওয়ায় গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে “শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ছাত্রদল মিলে হামলা চালিয়েছে। অনেক ছাত্র গুরুতর আহত হয়েছে।” শীর্ষক দাবিতে একটি ছবি প্রচার হচ্ছে অনলাইনে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের ছবি এটি।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এর ওয়েবসাইটে ২০২৫ সালের ৩১ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, সে সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহতদের ছবি এটি।

প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ৩০ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের পর এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অর্থাৎ, এটা নিশ্চিত যে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রদলের হামলার দাবিতে ২০২৫ সালের পুরোনো ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- BD Pratidin: চবি এলাকায় ১৪৪ ধারা জারি


