ঈদের পর আ.লীগের সাংগঠনিক তৎপরতা শুরুর দাবিতে পুরোনো সংবাদের ভিডিও প্রচার

সম্প্রতি ‘ঈদের পর সারাদেশে জোরেশোরে শুরু হবে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা’ শিরোনামে ডিবিসি নিউজের একটি সংবাদ প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

ভিডিওতে সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, “ঈদের পর সারাদেশে জোরেশোরে সাংগঠনিক তৎপরতা শুরু করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মেয়াদ পার হ‌ওয়া ইউনিয়ন, উপজেলা সম্মেলন শেষ করে, জেলার সম্মেলন সম্পূর্ণ করা, অসম্পূর্ণ কমিটি সম্পূর্ণ করা এবং দলকে কলহ মুক্ত করা অন্যতম লক্ষ্য। রমজান মাস থেকে মতবিনিময়ের মাধ্যমে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন দলটির নেতারা…”

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ভিডিওটি ১ লাখ ৪৩ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের মার্চে প্রকাশিত একটি পুরোনো সংবাদ ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ-এর লোগো ও গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এর সূত্র ধরে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অনুসন্ধান করে একই ভিডিওটি পাওয়া যায়।

তবে, ‘ঈদের পর জোরেশোরে শুরু হবে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা’ শিরোনামে ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনটি আপলোড করা হয় ২০২৪ সালের ২০ মার্চ তারিখে। অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক কোনো সংবাদ নয়; বরং ২০২৪ সালের একটি পুরোনো প্রতিবেদন।

পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যমেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবির সমর্থনে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, চলতি বছরের ঈদের পর জোরেশোরে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা শুরু হবে দাবিতে ২০২৪ সালের ডিবিসি নিউজের পুরোনো প্রতিবেদন প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: