ইরানের মানুষ খাবারের জন্য কষ্ট করছে দাবিতে গাজার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের খাদ্য সংগ্রহের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এতে ইরানে চলমান সংঘাতের কারণে মানুষের খাবারের জন্য কষ্ট করার দৃশ্য দেখা যাচ্ছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও ইরানের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে গাজায় খাদ্য সংকটের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উসেখানে ব্যবহৃত দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া গেছে।

সময় টিভির ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকটের দৃশ্য। প্রতিবেদনে গাজার একাধিক বাসিন্দাকে খাদ্যসংকট নিয়ে কথা বলতে দেখা যায়। একইসঙ্গে সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজায় ১০০টি খাদ্যসহায়তার ট্রাক লুট হওয়ার ঘটনাও।

পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির ২০২৪ সালের ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ১৭ নভেম্বর খাদ্যবাহী ১০৯টি ত্রাণ ট্রাকের একটি বহর গাজায় সহিংস লুটপাটের শিকার হয়। সংস্থাটির তথ্যমতে, দক্ষিণ গাজার দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং পার হওয়ার পর ৯৭টি ট্রাক হারিয়ে যায়। চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাণসামগ্রী নামিয়ে দিতে বাধ্য করা হয়েছিল।

সুতরাং, গাজায় ২০২৪ সালের খাদ্য সংকটের পুরোনো ভিডিওকে ইরানের মানুষ খাবারের জন্য কষ্ট করছে দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: